সেন্টমার্টিন পরিষ্কারে নোবিপ্রবি শিক্ষার্থীরা

২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:২১  
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে এটি অবস্থিত। অতিরিক্ত পর্যটকের চাপ, যথেচ্ছাভাবে হোটেল-মোটেল নির্মাণ, নির্বিচারে গাছ কর্তন করে বন উজাড়, মানুষের মলমূত্রসহ নানা বর্জ্য ও প্লাস্টিক সামগ্রীর বর্জ্যেসৌন্দর্য হারাচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশের উপর পড়ছে নেতিবাচক প্রভাব। অফুরন্ত সম্পদের লীলাভূমি এই দ্বীপের যথাযথ ব্যবস্থাপনা ও তদারকির অভাবে শৈবাল, প্রবাল, কচ্ছপ, লাল কাকড়া, শামুক, ঝিনুকসহ নানা জলজ ও উভয়চর প্রাণী এবং পাখিসহ নানা জীববৈচিত্র্য বিলুপ্ত হবার পথে। সেন্টমার্টিনকে বাঁচানোর প্রত্যয় নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফী বিভাগের ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা সেন্টমার্টিন দ্বীপের প্লাস্টিক, পলিথিন পরিষ্কারের উদ্যোগ নেয়। এসময় উপস্থিত ছিলেন ওশানোগ্রাফী বিভাগের শিক্ষকবৃন্দ। তারা মনে করেন, সবাই এগিয়ে আসলে এই দ্বীপের জৈববৈচিত্র্য রক্ষা করা সম্ভব। শিক্ষার্থীরা বলেন, সেন্টমার্টিনকে রক্ষা করতে হলে সরকারকে যেমন এগিয়ে আসতে হবে তেমনি এগিয়ে আসতে হবে সেন্টমার্টিনের অধিবাসী ও পর্যটকদের। ডিবিটেক/এটি